চট্টগ্রামে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক কর্ণফুলী নদীতে পড়ে তলিয়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কালুরঘাট ব্রিজের বোয়ালখালী উপজেলা অংশে এ ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার পর ট্রাক থেকে নদীতে লাফ দেওয়া একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরো একজন নিখোঁজ থাকার তথ্য ফায়ার সার্ভিসকে জানিয়েছেন স্থানীয়রা। কিন্তু বিষয়টি নিশ্চিত হতে পারেনি সংস্থাটি।
এর আগে, গত ২৫ মার্চ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে ফেরিতে উঠতে গিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে ডুবে ২৬ জনের প্রাণহানির ঘটনার ঠিক ৮ দিনের মাথায় এ ঘটনা ঘটল।
কর্ণফুলীতে ডুবে নিখোঁজের খবরে ফায়ার সার্ভিসের কর্মীরা বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত চেষ্টা করেও কাউকে পাননি। খোঁজ নিয়ে জানা গেছে, নদী থেকে আহত অবস্থায় উদ্ধার করা ব্যক্তিকে ট্রাকের চালক বলে শনাক্ত করেছেন প্রত্যক্ষদর্শীরা।
বিডি-প্রতিদিন/আশফাক