নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় রামবাড়ি পাগাইরা খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার রুহিকান্দা এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিন ধর্মের তিনজন প্রতিনিধি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আফসানা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চলতি অর্থবছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় ১ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৫৩৭ টাকা ব্যয়ে এ খাল খনন করা হবে। উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ি থেকে শুকনাকুড়ি পূর্বদিকের গলইখালি ব্রিজসংলগ্ন কংশ নদী পর্যন্ত ৫ হাজার মিটার খাল খনন করা হলে আশপাশের প্রায় ১০টি গ্রাম উপকৃত হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আগে খালটি ভরাট হয়ে যাওয়ায় পানি চলাচল ব্যাহত হচ্ছিল। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মানুষ দুর্ভোগ পোহাতেন। আবার শুকনো মৌসুমে কৃষিকাজের জন্য সেচ সংকট দেখা দিত। এসব সমস্যা নিরসনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল খাল খননের উদ্যোগ নেন।
উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা বলেন, “খালগুলো ভরাট হয়ে যাওয়ার ফলে কৃষকদের ফসল ফলাতে কষ্ট পোহাতে হয়। এই খাল খননে এ অঞ্চলের মানুষ উপকৃত হবেন।”
বিডি প্রতিদিন/এনআরএইচ