রংপুর জেলাকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহমুক্ত রাখাসহ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।
মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
পুলিশ সুপার বলেন, কার্যালয়সহ আট উপজেলার থানা, পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্রে আন্তরিকতার সঙ্গে আইনগত সেবা নিশ্চিত করা হবে। জেলাবাসীর জন্য পুলিশ সুপারের দরজা সব সময় খোলা থাকবে। আইনগত প্রতিকার পাওয়ার জন্য কেউ এলে তাকে সহযোগিতা করা হবে।
তিনি আরও বলেন, জুডিশিয়াল জাস্টিস সিস্টেমের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের যে অংশ রয়েছে সেটির সর্বোচ্চ প্রয়োগ করা হবে। নির্দেশনা অনুযায়ী সবার সহযোগিতা নিয়ে রংপুরের শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।
এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষায় জেলাবাসীর সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, সুশান্ত চন্দ্র রায়সহ প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।
বিডি-প্রতিদিন/এমই