মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে পশু কোরবানি ও কোরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার পৌরসভার ৯টি ওয়ার্ডে এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরকাদিম পৌর প্রশাসক মো. মাসুদুর রহমান।
পরে বিকেলে পৌরসভার রিকাবীবাজার এলাকায় পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
লিফলেটে কোরবানির সময় স্বাস্থ্যবিধি ও পরিবেশ রক্ষায় বিভিন্ন করণীয় বিষয় তুলে ধরা হয়। এর মধ্যে ছিল পৌরসভার নির্ধারিত স্থানে পশু কুরবানি নিশ্চিত করা ও যত্রতত্র পশু জবাই থেকে বিরত থাকা এবং নির্দিষ্ট স্থানে গর্ত করে রক্ত, গোবর ও পরিত্যক্ত অংশ মাটি চাপা দেওয়ার আহ্বান জানানো হয়।
এছাড়া, কুরবানির বর্জ্য অপসারণ ও গোশত বিতরণের ক্ষেত্রে পরিবেশসম্মত ব্যাগ বা পাত্র ব্যবহার, পশুর উচ্ছিষ্টাংশ ডাস্টবিন বা নির্ধারিত স্থানে ফেলা এবং দ্রুত বর্জ্য অপসারণে পৌরসভাকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরকাদিম পৌর প্রশাসক মো. মাসুদুর রহমান বলেন, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব উপায়ে কুরবানি সম্পন্ন করতে সবাইকে সচেতন হতে হবে। নির্ধারিত স্থানে পশু কুরবানি এবং দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিত করা গেলে পরিবেশ দূষণ ও জনভোগান্তি অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে কোরবানির কার্যক্রম পরিচালনার মাধ্যমে আমরা একটি পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে পারব।
বিডি প্রতিদিন/কেএ