গাজীপুরে উত্তরা ইউনিভার্সিটির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে উল্টে গেছে। এ ঘটনায় অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
বুধবার বিকেল পৌনে ৫টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, প্রায় ৪০ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়টির একটি বাস শ্রীপুরের মাওনার দিকে যাচ্ছিল। পথে রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে কাত হয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেন। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে শ্রীপুরের মাওনায় অবস্থিত আলহেরা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হয়।
বিডি-প্রতিদিন/এআইএস