নাটোরে এক প্রতিবন্ধী তরুণীকে বাড়ির পাশের মুদি দোকানি ধর্ষণ করায় আট মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। তরুণীটি (১৬) জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধী। সে স্থানীয় বেজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে পড়ালেখা করে। বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার এ ঘটনায় নাটোর থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ রাতেই দোকানি গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দোকানি ওসমান পাটোয়ারি (৫৬) নাটোর সদরের ছাতনী বেজপাড়া আমহাটির মতি পাটোয়ারীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ওসমান বেপারির ফাঁসির দাবি করে বুধবার দুপুরে তরুণীর বিদ্যালয়ের সামনে ছাত্র-ছাত্রী ও শিক্ষকেরা মানববন্ধন করেছে।
নাটোর থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, নাটোর সদরের ছাতনী বেজপাড়া আমহাটির এই তার বাড়ির পাশেই অভিযুক্ত ওসমান পাটোয়ারির মুদির দোকান থাকায় মাঝে মাঝে মানসিক প্রতিবন্ধী এই তরুণী দোকানে আসতো। ফলে দোকানদার তাকে জোর করে ও ফুসলিয়ে দোকানের ভিতরে নিয়ে অনেক বার ধর্ষণ করে। সম্প্রতি মেয়েটি অসুস্থ্য হয়ে পড়লে ও শারীরিক অনেক পরিবর্তন দেখা দিলে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে জানতে পারেন বর্তমানে সে আট মাসের অন্তঃসত্ত্বা। পরে এ ঘটনায় তরুণীর পিতা বাদী হয়ে মঙ্গলবার ওসমান পাটোয়ারির বিরুদ্ধে নাটোর থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই ওসমান বেপারিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
নাটোর থানার ওসি মো: মুনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম