বিশ্বকাপ আসলেই আর্জেন্টিনার পতাকার রঙে বাড়ি রাঙিয়ে থাকেন নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার বাসিন্দা আফজাল মুন্সি। গত কয়েক বিশ্বকাপ ধরেই তিনি এটা করে আসছেন। তারই ধারাবাহিকতায় এবারও তিনি আর্জেন্টিনার পতাকার রঙে তার বাড়ি রাঙিয়ে দিয়েছেন। তার বাড়িটিকে সকলেই আর্জেন্টিনার বাড়ি হিসেবে চিনে থাকে।
প্রতিবার বিশ্বকাপের সময়ে আফজাল মুন্সি শুধু বাড়িই রঙ করেন না; পাশাপাশি সবকিছুই তিনি আর্জেন্টিনার পতাকার রঙে রঙ করে থাকেন। বাড়ির প্রত্যেকটি ঘর এমনকি ঘরের পর্দা ও ছাদে থাকা ফুলের টব রঙ করে থাকেন। সবমিলিয়ে তার বাড়ি গেলে মনে যেন একখন্ড আর্জেন্টিনা।
আফজাল মুন্সির বাড়ির পাশ্ববর্তী ব্যবসায়ী ইত্যাদি এন্টারপ্রাইজের মালিক রস মোহন চৌধুরী বলেন, আফজাল মুন্সি সবসময় আর্জেন্টিনার পতাকার রঙে তার বাড়ি বাঙিয়ে থাকে। তিনি আর্জেন্টিনার একজন পাগল ভক্ত। আমরা তার এই ভালোবাসাকে শ্রদ্ধা করি। তার পছন্দের দল আর্জেন্টিনার প্রতি শুভকামনা।
আফজাল মুন্সির স্ত্রী আঞ্জুমান আরা মুন্নি বলেন, আমার স্বামী আর্জেন্টিনার সমর্থক। বলা চলে তিনি একজন পাগল ভক্ত। ফুটবল খেলা ছোট থেকেই পছন্দ করি। তখন থেকেই মারাদোনার খেলা ভালো লাগতো। বিয়ের পর শুনি আমার স্বামীও আর্জেন্টিনার ভক্ত। আমাদের দুইজনের পছন্দ মিলে যাওয়ায় আমরা বেশ ভালোভাবেই বিশ্বকাপ খেলা উপভোগ করি।
তিনি আরও বলেন, ২০১৮ সাল থেকেই আমার স্বামী বিশ্বকাপের সময় আমাদের বাড়ি আর্জেন্টিনার পতাকার রঙে বাড়ি রঙ করে থাকে। এটা তার কাছে ভালো লাগে। আমি তাকে উৎসাহিত করি। এবছরও সে বাড়ির রঙ করেছে আর্জেন্টিনার পতাকার রঙে। আমরা আশাবাদী এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে।
তবে আগামী বিশ্বকাপে মেসি খেলবে না সেজন্য আঞ্জুমান আরা মুন্নি কষ্ট নিয়ে বলেন, দুঃখের বিষয়; আগামী বিশ্বকাপে শুনছি মেসি বিশ্বকাপ খেলবে না। এটা ভাবতে গেলেই যেন অনেক কষ্ট লাগে। তার একটা বাংলাদেশি বোন হিসেবে মেসির প্রতি সবসময় শুভকামনা। আমরা তাকে বিশ্বকাপ থেকে দূরে দেখতে চাই না। আমরা চাই আগামী বিশ্বকাপেও যেন মেসি বিশ্বকাপ খেলে।
আফজাল মুন্সি বলেন, আমি একজন আর্জেন্টিনার সমর্থক। আগে ম্যারাডোনা খেলা ভালো লাগতো। যখন ম্যারাডোনা খেলতো তখন থেকেই আমি আর্জেন্টিনার ভক্ত। ২০১৮ সাল থেকেই আমি আর্জেন্টিনার পতাকার রঙে বাড়ির রঙ করি। আমি নিজেই এই রঙ করি। ২০২২ সালেও আমি আর্জেন্টিনার পতাকার রঙে বাড়ির রঙ করেছিলাম। এবারও আমি রঙ করেছি। এটা আমার কাছে ভালো লাগে। আমার পরিবারের সদস্যরাও আমাকে সমর্থন করে। আমার স্ত্রী ও ছেলেরাও আর্জেন্টিনার সমর্থক। আমার স্ত্রীও আমাকে উৎসাহ দিয়েছে। এলাকাবাসীও আমাকে উৎসাহিত করেছে।
তিনি আরও বলেন, আমাদের এই বাড়িকে সকলেই আর্জেন্টিনা বাড়ি হিসেবে চিনে থাকে। ম্যারাডোনার পরে মেসি আর্জেন্টিনার খেলা ধরে রেখেছে। ২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিটেছে। আশা করি ২০২৬ সালেও মেসি আর্জেন্টিনার বিজয় ছিনিয়ে আনবে। বাহিরে বড় পর্দার মাধ্যমে খেলা দেখানোর আয়োজন করবো। দেশের বাইরে প্রজেক্টর আনা হয়েছে। বাহিরে পতাকা টানানো হবে।
বিডি প্রতিদিন/এএম