নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিএনপি নেতা রেজাউল করিম হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তার পরিবার ও এলাকাবাসী।
সোমবার বেলা ১১টায় কিশোরগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন নিহতের মা আফরোজা বেগম, ভাই মো. এনামুল হক, মো. ওয়াদুদ মিয়া, আব্দুল মাজেদ এবং স্থানীয় বাসিন্দা নাসির হোসেনসহ অনেকে।
গত ১ জুন বিকেলে রেজাউল করিম উপজেলার মাগুড়া দোলাপাড়া গড়েরপাড় এলাকায় তার ফুপার বাড়িতে দাওয়াতে যান। সেখানে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তার ফুপা আমিনুরের ভাইদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় রেজাউল করিমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঘটনার সঙ্গে জড়িত সব আসামিকে এখনো গ্রেপ্তার করা হয়নি। দ্রুত তাদের আইনের আওতায় আনা না হলে জেলা ও বিভাগীয় পর্যায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
নিহত রেজাউল করিম উপজেলার মাগুড়া দোলাপাড়া গ্রামের পূর্বপাড়া এলাকার মৃত আব্দুল ওহাবের ছেলে। তিনি দোলাপাড়া ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, ঘটনার পর দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি, দ্রুত তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
বিডি-প্রতিদিন/এআইএস