মোংলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ২০ যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত হয়েছেন পাঁচ থেকে ছয়জন। আহতদেরকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে মোংলার দিগরাজে এ ঘটনা ঘটে।
মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, সোমবার দুপুরে মোংলা-খুলনা মহাসড়ের দিগরাজে ঢাকা থেকে ছেড়ে আসা মোংলাগামী একটি বাসের সঙ্গে খুলনাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাসের ২০ যাত্রী আহত হন। এদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা গুরুতর। তাদেরকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত অপর ১৩ থেকে ১৪ জনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। আহতদের বাড়ি মোংলার বিভিন্ন এলাকায়।
দুর্ঘটনায় পর মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা সম্পন্ন করলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ দুর্ঘটনায় বাস নাকি ট্রাক দায়ী তার তদন্ত চলছে বলেও জানান ওসি মানিক চন্দ্র গাইন।
বিডি-প্রতিদিন/এমএল