শেরপুরের প্রত্যন্ত গ্রামাঞ্চল-চরাঞ্চলে মাদক, মোবাইল জুয়া উল্লেখযোগ্য হারে বেড়েছে। এসব থামাতে প্রশাসন-শাসন কোনোটাই কাজে আসছে না। এসব অপরাধে অতিষ্ঠ সাধারণ মানুষ। তাই অপরাধ দমাতে শেরপুরের প্রত্যন্ত চরাঞ্চল ৬ নম্বর চরে মাদক, জুয়া, অশ্লীলতাসহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল বিষয়ক কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে সদর উপজেলার কামারের চর ইউনিয়নের ৬নং চর মানবকল্যাণ সংগঠনের আয়োজনে ৬নং চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
৬নং চর মানবকল্যাণ সংগঠনের সদস্য মো. নওশেদ আলীর সঞ্চালনায় ১নং কামারের চর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মো. নওয়াব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) দেবাশীষ চন্দ্র দত্ত।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আইউব আহমদ, মো. হাবিজুর রহমান, পয়াস্তির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন-অর-রশিদ, সহকারী শিক্ষক মো. হাবিল সরকার, স্থানীয় যুব সংগঠক রাশেদ মোশাররফ, আমেরিকাপ্রবাসী তোফায়েল আহমেদ, ব্যাংকার হাবিবুর রহমান, সার্জেন্ট (অব.) হুমায়ুন কবির, সার্জেন্ট (অব.) জহুরুল হক প্রমুখ।
বক্তব্যে বক্তারা এলাকায় মাদক ও জুয়ার ভয়াবহতার কথা তুলে ধরেন। এলাকার যুবকদের মধ্যে বিরাট একটা অংশ মাদকের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, প্রভাবশালীরা মাদকের পাইকার হয়ে যাচ্ছে। এলাকাটি প্রত্যন্ত অঞ্চল হওয়ায় প্রশাসন ঠিকমতো কাজ করতে পারছে না। ফলে মাদকের সঙ্গে অন্য অপরাধগুলোও বাড়ছে।
আলোচনা সভার শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজকে নিয়ে মাদক, জুয়া, অশ্লীলতাসহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল বিষয়ক কমিটি গঠন করা হয়।
বিডি প্রতিদিন/কেএইচটি