বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, নির্বাচনের আগে আমি ওয়াদা করেছিলাম সিদ্ধিরগঞ্জে হাসপাতাল, খেলার মাঠ, ঈদগাহ ও কবরস্থানসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। দেশের অর্থনৈতিক বাস্তবতার কারণে কিছুটা সময় লাগলেও তিনি এসব কাজ দ্রুত সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় সিদ্ধিরগঞ্জে ১০ হাজার এবং সোনারগাঁওয়ে ৩০ হাজার গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ডিএনডি খালের দুই পাশে প্রায় এক লাখ গাছের চারা বিতরণের পরিকল্পনার কথাও জানান তিনি। এ কাজে স্থানীয় নেতাকর্মী ও শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
মাদকবিরোধী অবস্থানের কথা তুলে ধরে মান্নান বলেন, মাদক নির্মূলে সামাজিক সচেতনতা ও পারিবারিক নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নেতাকর্মীদের মাদকবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক অকিল উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিডি প্রতিদিন/কেএইচটি