কুমিল্লার লাকসামে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ মামুনকে গ্রেফতার করেছে লাকসাম থানা পুলিশ।
মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে মামুনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, লাকসাম থানায় ২০২২ সালের ১৪ মে দায়ের হওয়া মামলায় আদালত থেকে জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মামুনকে গ্রেফতার করা হয়েছে।
মামুনের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মিশ্রী গ্রামের দক্ষিণ পাড়ায়। গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে জংশন মিশ্রী গ্রামের একাধিক বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে পলাতক অবস্থায়ও মামুন মাদক কারবারে জড়িত ছিল। তাদের দাবি, তিনি এলাকার শীর্ষ মাদক কারবারিদের একজন এবং এই কাজের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। দীর্ঘদিন তাকে গ্রেফতার করা না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছিল।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/এমই