আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি আসনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্রসহ মোট ৬২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
নোয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এএম মাহবুব উদ্দিন, জামায়াতে ইসলামীর মো. সাইফ উল্ল্যাহ, ইসলামী আন্দোলনের জহিরুল ইসলাম ও জাতীয় পার্টির নুরুল আমিন মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া স্বতন্ত্র থেকে ইফতেখার উদ্দিনসহ ৮ জন আছেন এ তালিকায়।
নোয়াখালী-২ আসনে মনোনয়ন ফরম জমা দেন বিএনপির জয়নুল আবদীন ফারুক, জামায়াতের সাইয়েদ আহাম্মেদ, জাতীয় পার্টির শাহাদাত হোসেন, এনসিপির সুলতান মোহাম্মদ জাকারিয়া মজুমদারসহ মোট ১০ জন। এ ছাড়া উক্ত আসনে স্বতন্ত্র থেকে আরও ২ জন মনোনয়নপত্র দাখিল করেন।
নোয়াখালী-৩ আসনে বিএনপি থেকে মো. বরকত উল্যা বুলু, জামায়াত থেকে মো. বোরহান উদ্দিনসহ ৭ জন মনোনয়নপত্র জমা দেন।
নোয়াখালী-৪ আসনে বিএনপির মো. শাহাজাহান, জামায়াতের মো. ইসহাক খন্দকারসহ ৮ জন মনোনয়নপত্র দাখিল করেন।
নোয়াখালী-৫ আসনে মনোনয়ন ফরম জমা দেন বিএনপির মো. ফখরুল ইসলাম, জামায়াতের মো. বেলায়েত হোসেন ও স্বতন্ত্র সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের স্ত্রী হাসনা জসিম উদ্দিন মওদুদসহ ১৫ জন।
নোয়াখালী-৬ আসনে বিএনপির মো. মাহবুবুর রহমান (শামীম), জামায়াতের শাহ মো. মাহফুজুল হক, ১০ দলীয় জোট থেকে এনসিপির সিনিয়র মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, স্বতন্ত্র থেকে সাবেক সংসদ সদস্য মো. ফজলুল আজিম ও তানভীর উদ্দিন রাজিবসহ ১৪ জন মনোনয়নপত্র দাখিল করেন।
ছয়টি আসনে বিভিন্ন দল, জোট ও স্বতন্ত্রসহ মোট ৬২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে, ফরম নিয়েছিলেন ৮৮ জন।
বিডি প্রতিদিন/কেএইচটি