ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নরসিংদী-২ (পলাশ) আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইশতিয়াক আহমেদের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। একই দিন নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট এবং জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইনের হাতেও তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
এদিন জেলার পাঁচটি আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়ন জমা দেন।
মনোনয়ন জমা শেষে ড. আব্দুল মঈন খান বলেন, আমরা বিশ্বাস করি গণতন্ত্রই সকল রোগের নিয়ামক। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আচরণ করলে বাংলাদেশের সব সমস্যার সমাধান সম্ভব।
তিনি বলেন, একটি ফ্যাসিবাদী সরকার দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল। বিএনপি একটি উদারপন্থী রাজনৈতিক দল হিসেবে মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করে। সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হলেই প্রকৃত গণতন্ত্র নিশ্চিত হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল