ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে টাঙ্গাইলে ৮টি সংসদীয় আসনে মোট ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার দুপুরের পর থেকে বিভিন্ন আসনের প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
সকালে বাসাইল উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। কালিহাতী উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।
বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, তার ছোট ভাই বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল-৫ আসনে জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ, টাঙ্গাইল-৫ (সদর) আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, টাঙ্গাইল-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওবায়দুল হক নাসির এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ মনোনয়ন জমা দেন।
এছাড়া জাতীয় পার্টি, এনসিপি ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেন।
উল্লেখ্য, টাঙ্গাইল জেলার ৮টি আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, এনসিপিসহ মোট ৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে শেষ দিন পর্যন্ত ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল