আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের ছেলে ও দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুককে সমর্থন দিয়েছে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।
সমর্থন দেওয়া দুই প্রার্থী হলেন- জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. শাহাদাৎ হোসেন ও এনসিপির প্রার্থী মুহাম্মদ হাসান আলী। মঙ্গলবার তাদের মধ্যে এই সমঝোতা হয়।
জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. শাহাদাৎ হোসেন বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী জোটের প্রার্থীকে সমর্থন দিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি নেতাকর্মীদের নিয়ে এই আসনে জোটের প্রার্থীর পক্ষে কাজ করব।
এনসিপি প্রার্থী মুহাম্মদ হাসান আলী বলেন, জোটগত আসন সমঝোতার সিদ্ধান্ত অনুযায়ী জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আমাদের দলের সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল।
বিডি-প্রতিদিন/মাইনুল