চট্টগ্রাম-৮ আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রার্থী জোবাইরুল হাসান আরিফ। নির্বাচন কমিশনে দাখিলকৃত হলফনামায় পেশা হিসেবে উল্লেখ করা হয়েছে সাংবাদিকতা। আর এ পেশা থেকে বাৎসরিক আয় দেখানো হয়েছে ৩ লাখ ৩০ হাজার টাকা। তার কাছে নগদ অর্থ রয়েছে ২ লাখ ৭৬ হাজার টাকা। হলফনামায় দেওয়া তথ্যে এর বাইরে আর কোনো স্থাবর-অস্থাবর সম্পদ নেই তার।
জানা গেছে, জোবাইরুল হাসান আরিফের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছৈয়দাবাদ এলাকায়। জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত থেকে হাসিনাবিরোধী আন্দোলনের সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন এ তরুণ। পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করলে তিনি যুগ্ম সদস্য সচিব এবং চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পান।
এ আসনে মনোনয়নপত্র দাখিলকারী অনান্য প্রার্থীরা হলেন, বিএনপির এরশাদ উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবু নাছের, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির মো. সেহাব উদ্দীন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ এমদাদুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নুরুল আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ এনায়েত উল্লাহ, স্বতন্ত্র মো. আজাদ চৌধুরী ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ মুহাম্মদ হাসান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন