চট্টগ্রামের ১৬টি আসনে নির্বাচনি প্রচার-চারণার দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। শুক্রবার জুমার দিন বেশিরভাগ প্রার্থীরা বিভিন্ন মসজিদ ও মাজার থেকে প্রচারণা শুরু করেন। প্রার্থীদের পাশাপাশি প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীদের সন্তান-স্ত্রীসহ পরিবারের সদস্যরা।
শুক্রবার চট্টগ্রাম-১১ আসনে ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে নগরীর ৩৮ নম্বর ওয়ার্ড ইপিজেড মোড় থেকে প্রচারণা শুরু করেন ইসরাফিল খসরু চৌধুরী। এ সময় দক্ষিণ হালিশহর ফেলা গাজী বাড়ি, কলসি দিঘি মোড়, ওয়াশিল চৌধুরী পাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।
চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর পক্ষে সীতাকুণ্ডের ছলিমপুরে নির্বাচনি এলাকায় গণসংযোগ করেছেন, তার স্ত্রী জামিলা নাজনীন মাওলা। গণসংযোগে আসলাম চৌধুরীর মেয়ে মেহরীন আনহার উজমা নারীদের জন্য বিনামূল্যে শিক্ষা ও ভাতা কর্মসূচিকে আরও সম্প্রসারণ এবং উদ্যোক্তাদের সহায়তার কথা তুলে ধরেন। এ সময় বিএনপি নেতা মরহুম ইসহাক কাদের চৌধুরীর সহধর্মিনী শাহানা চৌধুরী, নাজনীন চৌধুরী, শামীম আক্তার চৌধুরী, ইসমত জাহান চৌধুরী, রিনী চৌধুরী, অ্যাডভোকেট নাসিমা আক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম সকাল থেকে আনোয়ারার বারশত ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এদিকে চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের প্রার্থী একেএম ফজলুল হক নগরীর কাপাসগোলা জামতল জামে মসজিদ প্রাঙ্গণ থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সেবা করার সুযোগ চান।
চট্টগ্রাম-১০ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী নগরীর ১১ নম্বর কাট্টলী ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে গণসংযোগ করেন। তিনি ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
চট্টগ্রাম-১১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শফিউল আলম নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের নিচিন্তা পাড় এলাকায় গণসংযোগ করেন।
বিডি-প্রতিদিন/এমই