মাদারীপুরে সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
শুক্রবার রাতে তিনি মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের হিন্দু অধ্যুষিত বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন। এ সময় মাদারীপুর-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে তিনি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজার আনন্দ ভাগাভাগি করেন। পরিদর্শনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পূজা মণ্ডপ পরিদর্শন শেষে আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা দেশের সমান নাগরিক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই দলের মূল লক্ষ্য। এই ৩১ দফা বাস্তবায়িত হলে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব রাষ্ট্র নিশ্চিত করবে।
তিনি আরও বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা যাতে কেউ বিঘ্নিত করতে না পারে, সে বিষয়টি দেখভালের দায়িত্ব বিএনপি নেবে।
বিডিপ্রতিদিন/কবিরুল