ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ রবিবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কুমিল্লায় আসছেন। তিনি জেলার তিনটি উপজেলায় পৃথক সমাবেশে বক্তব্য রাখবেন। দীর্ঘ প্রায় দুই যুগ পর তারেক রহমানের আগমনে কুমিল্লার নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
বিকেল সাড়ে ৫টায় তারেক রহমান চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে, সন্ধ্যা ৭টায় সদর দক্ষিণ উপজেলার ডিগবাজি মাঠে এবং সাড়ে ৭টায় দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। সমাবেশে প্রায় ১০ লক্ষাধিক মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে।
জেলা পুলিশ ও আইনশৃঙ্খলাবাহিনী সমাবেশে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে। সমাবেশস্থল ও আশপাশে সাদাপোশাকের সদস্য এবং গোয়েন্দা পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, সর্বশেষ ২০০২ সালে তারেক রহমান কুমিল্লা স্টেডিয়ামে বক্তব্য দিয়েছিলেন। দীর্ঘদিন পর আবার কুমিল্লায় আগমন, জেলাজুড়ে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বইছে। এই উদ্দীপনা কাজে লাগিয়ে আগামী নির্বাচনে কুমিল্লা-৬ আসনসহ দলের প্রার্থীদের নির্বাচিত করে বিএনপির চেয়ারম্যানকে উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে।
দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন জানান, এই সফর শুধু কুমিল্লার নয়, বরং পুরো দক্ষিণ-পূর্বাঞ্চলের নির্বাচনী রাজনীতিতে বড় মাইলফলক হয়ে থাকবে। সদর দক্ষিণের সমাবেশে লাখেরও বেশি নেতা-কর্মী অংশগ্রহণ করবেন।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও কুমিল্লার ৬টি নির্বাচনি আসনের সমন্বয়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিন বলেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কুমিল্লার ১১টি আসনে আনন্দের বন্যা বইছে। পুরো জেলা তারেক রহমানকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছে। কুমিল্লা দক্ষিণ জেলার ৬টি আসনই বিএনপির জয় নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী জানান, সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে এবং গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক