বিএনপি একটি বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ.জেড.এম জাহিদ হোসেন। তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল দর্শন।
রবিবার দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দপুরে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিএনপি শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক আন্দোলনের পথেই এগিয়ে যাচ্ছে। দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক সংকট উত্তরণে জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে আইনের শাসন, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু, দপ্তর সম্পাদক এটিএম মাহফুজুল হক মাফুজ, উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন প্রধান এবং উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রানা।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পথসভায় এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/মুসা