পাবনা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ।
রবিবার বিকেলে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন তিনি। সম্প্রতি বিএনপিতে যোগদানের পর তিনি এ সিদ্ধান্তের কথা জানালেন।
অধ্যাপক আবু সাইয়িদ বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং স্বাধীনতার স্বপক্ষের ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে নৈতিক দায়িত্ব থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছি। এ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা জরুরি। সেজন্য আমি এমন সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, জীবনে অনেক বার নির্বাচন করেছি, পার্লামেন্ট মেম্বারও হয়েছি। ব্যক্তিগত ইমেজের চেয়ে স্বাধীনতার স্বপক্ষের বৃহত্তর ঐক্য আজ বেশি প্রয়োজন। সেই লক্ষ্যেই প্রার্থিতা প্রত্যাহার করে শামসুর রহমানকে পূর্ণ সমর্থন দিচ্ছি।
জানা গেছে, গত ২১ জানুয়ারি ঢাকায় অধ্যাপক আবু সাইয়িদ বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। তার কর্মী-সমর্থকরাও ধানের শীষের পক্ষে কাজ করবেন বলে জানিয়েছেন।
এদিকে, তার প্রার্থিতা প্রত্যাহারের ফলে পাবনা-১ আসনে বিএনপির প্রার্থীর অবস্থান আরও শক্তিশালী হতে পারে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জামায়াত মনোনীত ব্যারিস্টার মোহাম্মদ নজিবুর রহমান মোমেন ও ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল গনি।
বিডি-প্রতিদিন/এমই