বাগেরহাট-৩ আসনে বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বিএনপি সরকার গঠন করলে সব ধর্ম-বর্ণের মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হবে। কারো প্রতি বৈষম্যমূলক আচরণ করা হবে না। জুলাই বিপ্লবের পরে চারদিন দেশে সরকার না থাকলেও সেই সময় থেকেই বিএনপির নেতাকর্মীরা সনাতন সম্প্রদায়ের পাশে থেকেছে।
রবিবার বিকালে রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের ঝলমলিয়া দিঘীর পাড়ে নির্বাচনি জনসভায় এ কথা বলেন ড. শেখ ফরিদুল।
তিনি আরও বলেন, ‘আমি নির্বাচিত হলে নারী ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টি এবং সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা নিশ্চিতে কাজ করব।’
শেখ ফরিদুল বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সরকার গঠন হলে মোংলা বন্দরকে আধুনিকায়ন, ইপিজেড সচল, কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করা হবে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আমাকে সমর্থন দেবেন সেই প্রত্যাশা করছি। আপনাদের মূল্যবান ভোট দিয়ে পাশে থাকতে সবার সহযোগিতা একান্ত প্রয়োজন।’
হুড়কা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক আহমেদের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, মোংলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রুস্তম আলী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/এমই