তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রতি মানুষ ব্যাপকভাবে সমর্থন জানিয়েছেন। যার কারণে সারা দেশে বিএনপির পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন, গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. এস রফিকুল ইসলাম বাচ্চু।
রবিবার বিকেলে গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি বাজারে নির্বাচনি গণসংযোগ শেষে এ কথা বলেন তিনি।
রফিকুল ইসলাম আরও বলেন, ‘দেশের মানুষ চায় আগামী দিনে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে দেশের সেবা করুক, এটা মানুষের প্রত্যাশা। জিয়া পরিবারের প্রতি এবং বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে আস্থা ছিল, সেই আস্থা তারেক রহমানের প্রতিও দেখতে পাচ্ছি।’
তিনি আরো বলেন, নির্বাচন ঘিরে দীর্ঘদিন ভোটাধিকারবঞ্চিত যুব সমাজ এবং দেশের মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করছি। বিএনপি ক্ষমতায় এলে সমাজ ও দেশ থেকে, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং নির্মূল করা হবে। গাজীপুর-৩ আসনের সার্বিক উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।
গণসংযোগকালে শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য এস এম মাহফুল হাসান হান্নান, অ্যাডভোকেট আবু জাফরসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই