বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা ১৭ আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম বলেছেন, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মতো পরীক্ষিত নেতৃত্ব হিসেবে তারেক রহমানই আগামীদিনে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন।
রবিবার রাজধানীর শাহজাদপুরে সুবাস্তু নজর ভ্যালীর উল্টো দিকে ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, বাংলাদেশের ইতিহাসে বিএনপির একটি গৌরবোজ্জ্বল ও উজ্জ্বল অতীত রয়েছে। সেই উজ্জ্বল অতীতের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যিনি ভঙ্গুর অর্থনীতি, দুর্ভিক্ষ ও শৃঙ্খলাহীন অবস্থার মধ্যেও দেশকে একটি শক্ত অবস্থানে নিয়ে গিয়েছিলেন। আগামী দিনে তারেক রহমান দেশকে আরও এগিয়ে নিতে সক্ষম হবেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদীয় ব্যবস্থা ফিরিয়ে এনেছিলেন উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, আমাদের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেন, তখন দেশে কোনো শৃঙ্খলা ছিল না। তিনি দৃঢ় নেতৃত্বের মাধ্যমে দেশের শৃঙ্খলা ফিরিয়ে দিয়েছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন, বহুদলীয় গণতন্ত্র ও সংসদীয় ব্যবস্থা ফিরিয়ে এনেছেন।
আবদুস সালাম বলেন, এখনো দেশে গণতন্ত্র পুরোপুরি ফিরে আসেনি। গণতন্ত্র পুনরুদ্ধারের প্রাথমিক ধাপ হিসেবে আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ একটি মহল পরিকল্পিতভাবে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচালের চেষ্টা করছে। নানা কৌশলে ভোট চুরির ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। চোখ-কান খোলা রাখতে হবে। ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
তিনি বলেন, এই দেশের মানুষ আজ প্রমাণ দিয়েছে-তারেক রহমান যখন দেশে আসেন, তখন কোটি কোটি মানুষ তাকে স্বাগত জানিয়েছে। এটি জনগণের আস্থার প্রতীক। আজ তিনি জনগণের সামনে আস্থার প্রতীক হিসেবে দাঁড়িয়েছেন।
বর্তমান অর্থনীতি, সমাজব্যবস্থা ও পররাষ্ট্রনীতিকে ঢেলে সাজানো একমাত্র তারেক রহমানের পক্ষেই সম্ভব উল্লেখ করে সালাম বলেন, দেশ গড়তে তারেক রহমান একটি সুস্পষ্ট পরিকল্পনার কথা বলেছেন, তিনি জনগণের সামনে বলেছেন-‘আই হ্যাভ অ্যা প্ল্যান।’ অন্য কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত রাষ্ট্রের সামনে এমন কোনো পরিষ্কার পরিকল্পনা উপস্থাপন করতে পারেনি।
সূত্র : বাসস
বিডি প্রতিদিন/এমআই