সাতক্ষীরায় জামায়াতের নির্বাচনী জনসভায় পড়ে থাকা কাগজ, পলিথিনসহ বিভিন্ন ধরনের বর্জ্য পরিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এলাকায় নির্বাচনের চরম উত্তাপের সময় এ ধরনের কাজ এলাকাবাসীর কাছে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবার বেলা ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। অনুষ্ঠানে জামায়াতের প্রার্থীসহ জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল ইসলাম জানান, নির্বাচনী সভায় অংশ নেওয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মী ও সমর্থকরা মাঠে বাদাম, চানাচুরসহ বিভিন্ন খাবার খেয়ে তার প্যাকেট ফেলে যায়। নারীরাও তাদের সঙ্গে থাকা শিশুদের খাবার খাওয়ানোর পর মাঠে পলিথিনের ঠোঙাসহ বিভিন্ন বর্জ্য ফেলে যায়।
তাদের ফেলে যাওয়া বর্জ্যে শিক্ষা প্রতিষ্ঠানের ওই মাঠটি নোংরা হয়ে যায়। গতকাল রবিবার দুপুরে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পড়ে থাকা বর্জ্য পরিষ্কার করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুর ওহায়েদ জানান, শনিবার দুপুরে বিদ্যালয় মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মাঠজুড়ে খাবারের প্যাকেট, পলিথিন ও কাগজসহ বিভিন্ন ধরনের ময়লা ছড়িয়ে থাকতে দেখা যায়। পরদিন রবিবার দুপুরে বিএনপি প্রার্থী নিজে উপস্থিত থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ওই মাঠ পরিষ্কার করেন।
ঘণ্টাব্যাপী এ কার্যক্রমে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মাঠের বিভিন্ন স্থান থেকে বর্জ্য সংগ্রহ করে সেগুলো নির্দিষ্ট স্থানে অপসারণ করা হয়।
বিএনপি প্রার্থী মনিরুজ্জামান বলেন, রাজনৈতিক কর্মসূচি যে দলেরই হোক না কেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ পরিষ্কার রাখা সবার দায়িত্ব। সোমবার একই মাঠে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। আমরা চাই একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে আমাদের কর্মসূচি হোক। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু জনস্বার্থ ও শৃঙ্খলার প্রশ্নে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ