নির্বাচিত হলে বাইপাস সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ টেকসই উন্নয়ন ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দিনাজপুর-১ আসনের বিএনপি প্রার্থী মনজুরুল ইসলাম।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদরের ধানহাটি মাঠ প্রাঙ্গণে নির্বাচনি জনসভায় তিনি এই প্রতিশ্রুতির কথা তুলে ধরনে।
মনজুরুল ইসলাম বলেন, বিগত সময়ে জনগণ ভোট দিতে পারেনি। এবার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ হচ্ছে। ভোটের মাধ্যমে বিজয়ী হলে কাহারোলবাসীর প্রাণের দাবি বাইপাস সড়ক নির্মাণ ও পৌরসভা ঘোষণা করা হবে। দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা। একইসাথে রাস্তাঘাটের উন্নয়ন, মসজিদ, মন্দিরসহ শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশার সভাপতিত্বে সাবেক কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. শামীম আলী, উপজেলা মহিলা দলের সভাপতি মোছা. শামীমা পারভীন রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম ও মো. মতিয়ার রহমান মতিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/কামাল