বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনে দলটির মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ধানের শীষ বেগম খালেদা জিয়ার আমানত। তিনি নেই। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আপনারা বেগম খালেদা জিয়ার আমানত ধানের শীষকে ভোট দিয়ে তার আমানতকে রক্ষা করবেন।
আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া পুকুরচালা ও সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের মহেশকাংলা স্কুল মাঠে আয়োজিত নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ভোটের দিন কেন্দ্রগুলোতে ইঞ্জিনিয়ারিং হতে পারে। এজন্য ভোট শুরুর আগেই এজেন্টদের কেন্দ্রে যেতে হবে। ব্যালটের বাক্সগুলো খালি আছে কিনা সেটা চেক করতে হবে। ভোটাররা কেন্দ্রে আসলে এজেন্টরা চেক করে দেখবেন সে প্রকৃতপক্ষে ভোটার কি না বা ছবিযুক্ত ভোটার তালিকার সাথে নামের মিল আছে কি না। নারীরা মুখ ডেকে আসলেও নারী এজেন্টরা তাদের মুখ দেখবেন, আর পুরুষরা খেয়াল করবেন কেউ যেন বাইরে থেকে অতিরিক্ত ব্যালট নিয়ে কেন্দ্রে ঢুকতে না পারে।
তিনি আরও বলেন, ১৭ বছর ভোটের জন্য আন্দোলন-সংগ্রাম লড়াই করে রক্ত দিয়েছি। বেগম খালেদা জিয়া মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন। তাকে বিষপ্রয়োগ করে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। তিনি ছিলেন গনতন্ত্রের মা, আপোষহীন নেত্রী। গনতন্ত্রের মাকে আল্লাহ ইজ্জত-সম্মান দিয়ে নিয়ে গেছেন। আরেকজন ছিলেন শেখ হাসিনা। তাকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। কিন্তু তিনি তার অপব্যহার করেছেন। যে কারণে আল্লাহ তাকে বাড়া ভাত খেতে দেয়নি। এক কাপড়ে পালিয়ে যেতে হয়েছে।
ইকবাল হাসান মাহমুদ টুকু একটি রাজনৈতিক দল সম্পর্কে বলেন, ‘এরা মোনাফেকের দল। এরা আল্লাহর জান্নাত বিক্রি করে। এদের ধোকাবাজিতে কেউ কান দিবেন না।’
নির্বাচনি সভায় জেলা কৃষকদলের সদস্য সচিব টি.এম. শাহাদত হোসেন ঠান্ডু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, ইউনিয় বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হুদাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/জামশেদ