চট্টগ্রাম-১৩ আসনে বৃহত্তর সুন্নিজোট সমর্থিত প্রার্থী মাওলানা এস এম শাহজাহান বলেছেন, ‘আমরা তরুণ-যুবশক্তিকে জনশক্তিতে রূপান্তর করতে চাই। টানেলকেন্দ্রিক আধুনিক শিল্পনগরী গড়ে তুলে আনোয়ারা-কর্ণফুলীর মানুষের অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিত করা হবে।’
সোমবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা চাতরী এলাকার একটি কনভেনশন হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘মনিরুজ্জামান ইসলামাবাদীর স্মৃতি বিজড়িত দেয়াঙ পাহাড়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সরকারি হাসপাতালে আধুনিক চিকিৎসা নিশ্চিত করা হবে।’
এস. এম শাহজাহান বলেন, ‘সুফিবাদি সুন্নি জনতা অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্রমুক্ত সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখে। ভোটের আগে বসন্তের কোকিল হয়ে অনেকে সুন্দর কথা বলছে। করোনা বা বিপদের সময়ে অতীতে কখনো তাদের খুঁজে পাওয়া যায়নি। ভবিষ্যতেও তাদের পাওয়া যাবে না। মানুষ পরিবর্তন চায়। সেজন্যই তারা শান্তি সমৃদ্ধি উন্নয়নের জন্য মোমবাতি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।’
তিনি আরও বলেন, ‘সুফিবাদি সুন্নি মুসলমান কখনো সন্ত্রাস, চাঁদাবাজি, হানাহানি মারামারিকে প্রশ্রয় দেয় না। আমরা সবসময় শান্তিপ্রিয় মানুষ। আমরা সব ধর্মের মানুষের সমান অধিকারের মাধ্যমে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই।’
এ সময় উপস্থিত ছিলেন ড. এম এ অদুদ, স ম হামেদ হোছাইন, এস এম জাহাঙ্গীর, এম এ মাবুদ, ডিআইএম জাহাঙ্গীর, নাজিম উদ্দিন, গোলাম মোস্তফা, মাওলানা ইদ্রিস আলকাদেরী, হাফেজ আবদূর রহিম, মফিজ উল্লাহ, হাফেজ নুরুল আলমসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/এমই