ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার শেষ দিনে বাগেরহাটের চারটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থীরা পৃথকভাবে গণমিছিল ও সমাবেশ করেছে।
বাগেরহাট–২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন কচুয়া উপজেলা ও বাগেরহাট পৌরসভা এলাকায় শেষ নির্বাচনী জনসভা ও গণমিছিল করেন। একই আসনে জামায়াতের প্রার্থী শেখ মনজুরুল হক রাহাত বিকেলে বাগেরহাট পৌরসভা এলাকায় জনসভা ও গণমিছিল করেন। এ ছাড়া বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম বাগেরহাট সদর এলাকায় শেষ দিনের গণসংযোগ করেন।
বাগেরহাট–৩ (রামপাল ও মোংলা) আসনে বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম রামপাল উপজেলায় শেষ নির্বাচনী জনসভা ও গণমিছিল করেন। একই আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ মোংলা উপজেলায় জনসভা ও গণমিছিল করেন।
বাগেরহাট–১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) আসনে বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডল চিতলমারীতে, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী মো. শেখ মাসুদ রানা মোল্লাহাটে এবং জামায়াতের প্রার্থী মো. মশিউর রহমান খান ফকিরহাটে শেষ নির্বাচনী জনসভা ও গণমিছিল করেন।
এ ছাড়া বাগেরহাট–৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে বিএনপির প্রার্থী সোমনাথ দে এবং জামায়াতের প্রার্থী মো. আব্দুল আলীম মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় পৃথকভাবে শেষ নির্বাচনী জনসভা ও গণমিছিল করেন।
বিডি-প্রতিদিন/সুজন