দেশকে এগিয়ে নিতে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে দলটির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, জনগণের ভোটে ক্ষমতায় এলে দুর্নীতির মূলোৎপাটন করা হবে। আইনের শাসন, প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
সোমবার বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সরকারি কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মোশাররফ হোসেন বলেন, জনগণের ভাগ্য উন্নয়নে বিএনপির নেতৃত্বের কোনো বিকল্প নেই। এটিই আজ প্রমাণিত সত্য। আমরা একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো। যেখানে মানুষ জানমালের নিরাপত্তা পাবে, শান্তিপূর্ণভাবে বসবাস করবে।
তিনি বলেন, সরকার পরিচালনায় বিএনপির গৌরবোজ্জ্বল অতীত অভিজ্ঞতা ও সুনাম রয়েছে, যা অন্য রাজনৈতিক দলের নেই। বিএনপি পরীক্ষিত খাঁটি দেশপ্রেমিক গণতান্ত্রিক দল। মানুষ বিএনপির উপরই ভরসা করে। ধানের শীষের দল যখনই ক্ষমতায় থাকে, জনগণ অনেক বেশি উচ্ছ্বসিত থাকে।
ড. মোশাররফ বলেন, তারেক রহমান দেশ এবং জনগণের জন্য বিভিন্ন গণমুখী পরিকল্পনা প্রণয়ন করেছেন। রাষ্ট্র ক্ষমতায় গেলে তিনি আগামী ৫ বছরে ঘোষিত ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের স্বপ্ন পূরণ করবেন। দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্ব-দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।
বিডি প্রতিদিন/এমআই