ঝালকাঠি-১ আসনের ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম জামাল বলেছেন, ‘আমি কোনো সন্ত্রাসীকে সুযোগ দিতে আসিনি, পার্সেন্টেজ নিতে আসিনি। স্কুল-কলেজে নিয়োগ বাণিজ্য বন্ধ করতে এখানে এসেছি, জিয়াউর রহমানের আদর্শে আধুনিক বাংলাদেশ বাস্তবায়ন করতে এসেছি।’
সোমবার বিকেলে রাজাপুরের পাইলট স্কুল মাঠে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
জামাল আরও বলেন, ‘‘এই জনপদে কোনো মাদকের আগ্রাসন রাখা যাবে না। শহীদ জিয়ার স্বপ্ন— ‘সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, ক্ষুধামুক্ত বাংলাদেশ’ গড়তে হবে। মা-বোনদের কাছ থেকে যে বার্তা পেয়েছি, তাতে আশা করছি, আগামী ১৩ই ফেব্রুয়ারি আমরা বিজয় উৎসব করতে পারব।’’
তিনি সতর্ক করে বলেন, ‘অনেক ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র প্রতিহত করে বিজয় নিশ্চিত করতে আগামী তিনদিন সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের মাধ্যমে ইতিহাস রচনা করেছেন। বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্বে স্বৈরাচার এরশাদের পতন ঘটানোর মধ্য দিয়ে ইতিহাস তৈরি করেছেন। ২০২৪ সালে আমাদের সন্তানেরা ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে নব্য স্বৈরাচারকে পতন ঘটনার মধ্যে ইতিহাস তৈরি হয়েছে। আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আরেকটি ঐতিহাসিক যাত্রা শুরু হবে।’
বিডি-প্রতিদিন/এম