সিলেট-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তার, কেন্দ্র দখলের মহড়া, টাকা দিয়ে ভোট কেনা ও হলফনামায় ঋণের তথ্য গোপনের অভিযোগ তুলেছে বিএনপি।
সোমবার রিটার্নিং কর্মকর্তা বরাবর জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে লিখিতভাবে এ অভিযোগ দাখিল করা হয়। তবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ প্রত্যাখান করেছে জামায়াতে ইসলামী। তারা এসব অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে।
সোমবার দুপুরে সিলেট মহানগরীর ধোপাদিঘীরপাড়ের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী তাদের প্রার্থীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রত্যাখান করে।
সোমবার রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়া ছাড়াও আগের দিন রবিবার সংবাদ সম্মেলন করে সিলেট বিএনপি জানায়, সিলেট-১ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান তার হলফনামায় ঋনের তথ্য গোপন করেছেন। এর জবাবে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতৃবৃন্দ বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও প্রভাব বিস্তারের ষড়যন্ত্র করছে প্রতিপক্ষ।
বিডি প্রতিদিন/হিমেল