এয়ারপোর্ট থানার ওসি মোবাশ্বির আলীর বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে আনা অভিযোগ তদন্ত শুরু করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। তদন্তে ওসির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।
ওসি মোবাশ্বিরের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে পক্ষপাতমূলক আচরণ করার অভিযোগ তুলেছিলেন সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী সমন্বয়ক ও মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। এ ব্যাপারে পুলিশ কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগও দেয়া হয়।
সোমবার তদন্ত শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিডি প্রতিদিন/হিমেল