গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম.এ. মান্নান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় তিনি এই আহ্বান জানান।
এম.এ. মান্নান বলেন, দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে বেগম খালেদা জিয়া জীবন দিয়েছেন। এই ধানের শীষের প্রতীক জিয়াউর রহমান, খালেদা জিয়ার এবং তারেক রহমানের প্রতীক। গণতন্ত্র প্রতিষ্ঠায় ধানের শীষকে জয় করতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে নবীনগরে অবৈধ বালু উত্তোলন বন্ধ, যানজট নিরসন, আইনশৃঙ্খলা রক্ষা এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে আশুগঞ্জ নবীনগরে রাস্তার কাজ শিগগিরই শেষ করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কের উন্নয়ন এবং সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নবীনগর প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন বিএনপি নেতা।
বক্তব্যের শেষের দিকে সকল ভেদাভেদ ভুলে উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে ভোট দেওয়ার আহ্বান জানান এম.এ. মান্নান।
এসময় কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম, সালাহউদ্দিন ভূঁইয়া শিশির, সাঈদুল হক সাঈদ, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল বাকী, মো. মলাই মিয়াসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/কামাল