রাজবাড়ী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিতে মানুষ উন্মুখ হয়ে আছেন। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে রাজবাড়ীতে দ্বিতীয় পদ্মাসেতু ও পদ্মা ব্যারেজ হবে। এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন হবে।’
সোমবার বিকালে শহীদ খুশি রেলওয়ে মাঠে পথসভায় তিনি এ কথা বলেন। এর আগে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও রাজবাড়ী পৌরসভার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে রেলওয়ে মাঠে আসেন।
পথসভায় বক্তব্যে তিনি অভিযোগ করেন, ‘একটি দল নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায়। তারা পরাজয় জেনে ভোটারদের মাঝে অর্থ বিতরণ শুরু করেছে।’
তিনি আরও বলেন, ‘আমি আপনাদের লোক। আমার জীবনে আমি কোনোদিন খারাপ কাজের সঙ্গে জড়িত হইনি। একদিন আমরা এই পৃথিবী থেকে চলে যাব। আমার বিশ্বাস, এই জনপদের মানুষ তখনও আমার কথা মনে রাখবে। সে উদ্দেশ্যেই মানুষের জন্য সারা জীবন কাজ করে চলেছি।’
বক্তব্য শেষে বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীদের নিয়ে নির্বাচনি গণমিছিল বের হয়। মিছিলটি বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠ থেকে শহরের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিবসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই