বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেছেন, সবার আগে বাংলাদেশ শুধু একটি স্লোগান নয়, এটি একটি দর্শন। এটি তারেক রহমানের দেশপ্রেমের দর্শন। আমাদের হাতে জাদুর কাঠি নেই, আলাদিনের চেরাগও নেই। মানুষের উন্নয়নের জন্য আমাদের আছে স্বদিচ্ছা। বিএনপি সরকার গঠন করলে দেশকে ৫০ বছর বা ১০০ বছর এগিয়ে নিয়ে যাবে।
সোমবার পঞ্চগড় চিনিকল মাঠে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় নওশাদ জমির এসব কথা বলেন।
তিনি বলেন, ২০২৬ সালের এই নির্বাচন বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যত নির্ধারণ করবে। দেশের স্বার্থ রক্ষা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হলে জনগণের সমর্থন প্রয়োজন। তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বিএনপি সরকার গঠন করলে সবাইকে ফ্যামিলি কার্ড, কৃষকদেরকে কৃষি কার্ড দেওয়া হবে। শিক্ষিত বেকারদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে এবং বন্ধ হয়ে যাওয়া চিনিকলটি পুনরায় চালু করা হবে। পঞ্চগড়ে বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজ গঠন, আধুনিক সদর হাসপাতাল এবং শিক্ষার মান উন্নয়ন করা হবে।
নওশাদ জমির আরও বলেন, তরুণদের ভবিষ্যৎ সুগঠনের জন্য পাবলিক লাইব্রেরি স্থাপন করা হবে, শ্রমিকদের জন্য গার্মেন্টস স্থাপন করা হবে। আমাদের স্বদিচ্ছা দিয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। পঞ্চগড়ের পাথর ও চা শ্রমিকদের জন্য কাজ করবো। পৌরসভাকে আধুনিক করা হবে।
জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি জাহিরুল ইসলাম কাচ্চু। বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট নাজমুল ইসলাম কাজল, যুগ্ম আহবায়ক এডভোকেট আদম সুফি, যুগ্ম আহবায়ক এম এ মজিদ, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট রিনা পারভীন, পঞ্চগড়-১ আসনের নির্বাচনী এজেন্ট ব্যারিস্টার মুহাম্মদ নওফেল জমির, ব্যারিস্টার আশিক রহমান, জেলা যুবদল ও মহিলা দলের নেতারা এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/সুজন