বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী চাঁদপুর-৩ আসনের শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে যদি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, তবে ১২ ফেব্রুয়ারি সকালে সবাই ভোট কেন্দ্রে যাবেন। কেউ কোনো অন্যায় পরিকল্পনায় জড়ালে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবেন। আমরা চাঁদপুরকে মাদক ও দুর্নীতি মুক্ত করব, বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করব এবং জেলার সকল সমস্যা সবাইকে নিয়ে সমাধান করব। ভোট গণনার রেজাল্ট না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবে না।
সোমবার বিকেলে শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল বলেন, শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে চায়নি, জনগণ তাকে বাধ্য করেছে। জনগণ বিএনপিকে বিশ্বাস করে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এবং বিএনপি ক্ষমতায় এলে ক্ষমতা ছাড়ার পথ বন্ধ করা হবে না। বিএনপি কখনো মানুষের হত্যা করে ক্ষমতায় থাকবে না। যারা বিএনপির নামে গিবত করছে, তারা প্রতারক। আমাদের নবী কখনো জান্নাতের টিকিট বিক্রি করেননি।
তিনি আরও বলেন, বছরের পর বছর ধরে জনগণ বিএনপিকে দেখে এসেছে এবং দলের প্রতি আস্থা তৈরি হয়েছে। তারেক রহমানকে সবাই চেনে। চাঁদপুর ধানের শীষের ঘাটি। বহুদিন পর এই সুযোগ এসেছে। এই প্রতীক জনগণের আশা পূরণ করবে।
জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম। বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম জেলা শাখার সভাপতি মূফতি সিরাজুল ইসলাম, জেলা গণফোরামের সভাপতি এডভোকেট সেলিম আকবর, জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরু মিয়াজী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল উদ্দিন চৌধুরী।
বিডি-প্রতিদিন/সুজন