আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষের প্রার্থীর সমর্থনে শেষ নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। সোমবার বিকাল ৩ টায় নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারের উপস্থিতিতে সভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।
জনসভার উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) থেকে বিএনপির মনোনীত প্রার্থী এম.এ.হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক সাংসদ সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আলী আজম, দপ্তর সম্পাদক এডভোকেট সামসুজ্জামান চৌধুরী কানন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী, সাবেক চেয়ারম্যান ওমরাও খান, গোকর্ণ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সৈয়দ শাহীন, কুন্ডার ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন ভূইয়া প্রমুখ।
জনসভায় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক সাংসদ সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল বলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমাদের ধানের শীষের প্রার্থী নির্বাচিত হলে তিনি এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ, কৃষিখাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
জনসভায় বিএনপির মনোনীত প্রার্থী এম.এ. হান্নান জনগনের উদ্দেশ্যে বলেন, আমি ক্ষমতার রাজনীতির বিশ্বাস করি না। মানুষের সেবার রাজনীতিতে বিশ্বাস করি। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন। নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্যে আপনারা আমাকে নির্বাচিত করেন। আমিও নির্বাচিত হলে এই এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে থাকবো ইনশাআল্লাহ।
বিডি প্রতিদিন/এএম