পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে আসন্ন নির্বাচনের দায়িত্ব পালনে পুরোপুরি প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার সাতক্ষীরার শ্যামনগরে এক নিরাপত্তা বিষয়ক সভায় এ কথা জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা বিষয়ে এ সভা আয়োজন করা হয়। সভায় স্থানীয় সিভিল প্রশাসন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি সরকারি মহসীন ডিগ্রি কলেজে বিজিবির নির্বাচনি ক্যাম্প পরিদর্শন করেন।
বিজিবি মহাপরিচালক আরও বলেন, ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হবে বলে আমি আশাবাদী।
মোহাম্মদ আশরাফুজ্জামান আরও বলেন, দেশের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ রেখেই সারা দেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স, র্যাপিড অ্যাকশন টিম, বিশেষায়িত ডগ স্কোয়াড ইউনিট, ড্রোন ও বডি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে।
এ সময় যশোর রিজিয়ন কমান্ডার, খুলনা সেক্টর কমান্ডার এবং খুলনা সেক্টরের সব ব্যাটালিয়নের অধিনায়করা উপস্থিত ছিলেন। এছাড়া সেক্টরের খুলনা ও বরিশাল অঞ্চলে স্থাপিত সব নির্বাচনি বেইজ ক্যাম্পের কমান্ডাররা ভিডিও টেলি কনফারেন্স-এর মাধ্যমে যুক্ত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই