হামের উপসর্গে দেশে আরও পাঁচ শিশু মারা গেছে। তাদের মধ্যে তিন শিশু ঢাকা বিভাগের এবং সিলেট ও বরিশাল বিভাগের দুই শিশু রয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা) শিশু মৃত্যুর ঘটনাগুলো ঘটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬৩১ শিশু। আর নিশ্চিত হামে মৃত্যু ৯৩ শিশুর। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৭২৪।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯৬৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ৯৯৩। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ১৫৪। ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত দেশে মোট ১২ হাজার ২৮৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬ হাজার ৪১১ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮২ হাজার ৭৫৯ শিশু।