দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণ করবে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এজন্য পাঠানো হচ্ছে তিন কর্মকর্তাকে। গতকাল ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
সংস্থাটির উপসচিব জিএম শাহাতাব উদ্দীনের সই করা এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়েছে, আগামী ২৯ মে থেকে ৫ জুন অনুষ্ঠেয় দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণের জন্য তিন কর্মকর্তাকে অনুমোদন দেওয়া হয়েছে। তারা হলেন- ইসির উপসচিব মো. হুমায়ুন কবীর, চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের একান্ত সচিব মুহাম্মদ আশ্রাফুল আলম। এই কর্মকর্তাদের সমস্ত ব্যয় বহন করবে দক্ষিণ কোরিয়ার জাতীয় নির্বাচন কমিশন। তারা ২৭ মে দেশত্যাগ করে ফিরবেন ৭ জুন। ইসি কর্মকর্তারা বলছেন, আগামী এক বছরে বাংলাদেশেও চার হাজারের বেশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন করতে হবে। এ ধরনের অভিজ্ঞতা দেশের নির্বাচনেও কাজে আসতে পারে।