পবিত্র হজ পালন শেষে গতকাল পর্যন্ত সৌদি আরব থেকে ৬৮ হাজার ২৯৭ জন বাংলাদেশি হাজি ১৮৮টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন। এ বছর হজ করতে গিয়ে ৩৭ জন পুরুষ ও ১৮ জন নারীসহ ৫৫ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৩৭ জন মক্কায়, ১৭ জন মদিনায় এবং একজন জেদ্দায় মৃত্যুবরণ করেন।
গতকাল হজ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। তারা আরও জানায়, এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়াদের মধ্যে ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে হজে যাওয়াদের মধ্যে ৬৩ হাজার ৮৩৮ জন হাজি দেশে ফিরেছেন। বাকি হাজিরা নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে পর্যায়ক্রমে দেশে ফিরবেন। হজের আনুষ্ঠানিকতা শেষে গত ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে এবং তা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে। হজ বুলেটিন অনুযায়ী, চলতি হজ মৌসুমে ৪১৫ জন বাংলাদেশি হাজি সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং ১১ জন হাসপাতালে ভর্তি ছিলেন। সৌদি মেডিকেল সেন্টারগুলো ৬৭ হাজার ৮৬ জন হাজিকে স্বাস্থ্যসেবা দিয়েছে। এ ছাড়া মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্ক ২৮ হাজার ৪০৫ জন হাজিকে বিভিন্ন তথ্য ও সেবা দিয়ে সহায়তা করেছে।