পাবনার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে মঞ্জু শেখ (৩৫) নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে পাবনা সদর ও সুজানগর উপজেলার সীমান্তবর্তী চরতারাপুর ও ভাঁড়ারা ইউনিয়নের জোতকাকুরিয়া কলাবাগান পদ্মার চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মঞ্জু শেখ সুজানগর উপজেলার আড়িয়া গোহাইলবাড়ি এলাকার দারোগ শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আবদুর রউফ ও চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীর ভাতিজা। মঞ্জু শেখ স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী ছিলেন বলে দলীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন সদরের খাসচর বলরামপুর এলাকার মো. জহুরুল ইসলাম প্রামাণিক (২৮) ও চরমধুপুর এলাকার মো: জমির উদ্দিন খাঁ (৫৫)। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান আরও বলেন, বালু উত্তোলন কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।