মাদারীপুরের শিবচর উপজেলায় ব্যাংক থেকে ১২ লাখ টাকা তোলার পর সৌদি প্রবাসীর স্ত্রী ও তার স্কুলপড়ুয়া ছেলে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) ব্যাংকে যাওয়ার পর থেকে তাদের কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিখোঁজরা হলেন শিবচর উপজেলার আলেপুর গ্রামের সৌদি প্রবাসী আবদুল মালেক হাওলাদারের স্ত্রী মাকসুদা বেগম (৪০) এবং তাদের ছেলে রিহাব হাওলাদার (১৩)। রিহাব শিবচর নন্দকুমার বহুমুখী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা যায়, আবদুল মালেক দীর্ঘ ছয় বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন। গত ২৩ জুন একটি এনজিও থেকে মাকসুদা বেগমের নামে ১২ লাখ টাকার একটি চেক প্রদান করা হয়। সেই টাকা উত্তোলনের জন্য ২৫ জুন তিনি ছেলেকে নিয়ে শিবচরের একটি ব্যাংকে যান। এরপর থেকেই তাদের সঙ্গে পরিবারের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সৌদি প্রবাসী আবদুল মালেক বলেন, ‘বুধবার রাতে স্ত্রীর সঙ্গে শেষবার কথা হয়। বৃহস্পতিবার ব্যাংকে গিয়ে টাকা তোলার কথা ছিল। পরে ফোন করলে সেটি বন্ধ পাই। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তাদের কোনো সন্ধান পাইনি।’ নিখোঁজ মাকসুদার দেবর আবদুল বারেক হাওলাদার বলেন, ‘আমার ভাবি খুবই সহজ-সরল মানুষ। অপ্রয়োজনে কোথাও যান না। টাকা উত্তোলনের পর কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে বলে আমাদের সন্দেহ। তাই থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তদন্তের দায়িত্ব এসআই রিয়াজকে দেওয়া হয়েছে। পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছে এবং দ্রুত নিখোঁজ মা-ছেলেকে উদ্ধারে কাজ করছে।