ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বরাবরের মতো এবারও দলটির আমিরের দায়িত্ব পেয়েছেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। কমিটিতে নতুন মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে এতদিন ধরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্রের দায়িত্ব পালনকারী মাওলানা গাজী আতাউর রহমানকে। গতকাল রাজধানীর বিজয় নগরের একটি হোটেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরার বিশেষ বৈঠকে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। আমির ও মহাসচিবের পাশাপাশি কমিটিতে চারজন যুগ্ম মহাসচিব এবং চারজন সহকারী মহাসচিব ও ৪৮ সদস্যের নাম ঘোষণা করা হয়।
যুগ্ম মহাসচিব হলেন-ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, মাওলানা নেছার উদ্দিন। সহকারী মহাসচিব হিসেবে মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান ও শেখ ফজলুল করীম মারুফের নাম ঘোষণা করা হয়।
বিগত সেশনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদকে দলের সর্বোচ্চ পরিষদ প্রেসিডিয়ামে সদস্য করা হয়েছে।