অাসামের জাতীয় নাগরিক নিবন্ধনের খসড়া তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে না-ভারতের পক্ষ থেকে এই আশ্বাস দেওয়া হয়েছে দিল্লি সফররত বাংলাদেশের সাংসদ ও বাংলাদেশ তারিকত ফাউন্ডেশন (বিটিএফ) দলের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বাশার মাইজভান্ডারী-কে। ভারত সফরে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম.জে.আকবরের সাথে দেখা করেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমকে একথা জানিয়ে মাইজভান্ডারী জানান, ভারত সরকারের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে নাগরিক নিবন্ধন থেকে বাদ পড়া ৪০ লাখ ভারতীয়কে বালাদেশে ফেরত পাঠানো হবে না। কিরেন রিজিজু আমাকে আশ্বাস দিয়েছেন খসড়া তালিকা থেকে বাদ পড়া মানুষদের বাংলাদেশে বিতাড়িত করা হচ্ছে না। কারণ তারা ভারতের অর্থনীতিরই একটা অংশ এবং ভারত সরকার এই পরিস্থিতি মোকাবিলায় যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশের এমপিকে কিরেন রিজিজু এও জানান, এটা একটা বিচার বিভাগীয় প্রক্রিয়া এবং আমরা চাই না এই ইস্যুতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে খারাপ প্রভাব পড়ুক।
সুফি ইসলামিক দলটির নেতা আরও জানান, ঢাকা তার সীমানায় হঠাৎ করে এত মানুষকে সেদেশে প্রবেশের অনুমতি দেবে না। দুই পাড়েই সীমান্ত ব্যবস্থাপনা অত্যন্ত শক্তিশালী করা হয়েছে এবং আমাদের দেশে নতুন করে আর কোন প্রবেশাধিকার সহ্য করবো না।
চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জানান, রোহিঙ্গা সংকট এমনিতেই বাংলাদেশের কাছে একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং এই সমস্যা মেটাতেই হবে। এটা কেবল বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নয়, বাংলাদেশে শান্তি বিরাজ করলে তা ভারতের পক্ষেও সহায়ক হবে।
উল্লেখ্য, গত ৩০ জুলাই অাসামে প্রকাশিত হয় জাতীয় নাগরিক নিবন্ধনের চূড়ান্ত খসড়া তালিকা। তালিকা থেকে বাদ পড়ে প্রায় ৪০ লাখ বাসিন্দা। এরপরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেন, বাংলাদেশি অনুপ্রবেশের নামে অাসাম থেকে বাঙালি বিতাড়নের যে চেষ্টা চালানো হচ্ছে তাতে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ হতে পারে।
বিডি প্রতিদিন/ফারজানা