অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় ৬ থেকে ৮ ফেব্রুয়ারি জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল (এনএমএফ)। প্রতিবছর ফেব্রুয়ারিতে আয়োজিত এই উৎসবটি ক্যানবেরার অন্যতম বৃহৎ বহুসাংস্কৃতিক আয়োজন হিসেবে পরিচিত, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী ও সম্প্রদায় তাদের সংস্কৃতি, ঐতিহ্য, সংগীত, নৃত্য, পোশাক ও খাবার উপস্থাপন করে।
তিন দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন অব ক্যানবেরা (বিএএসি) সক্রিয়ভাবে অংশ নেয়। বর্ণাঢ্য শোভাযাত্রা, নান্দনিক সাংস্কৃতিক পরিবেশনা এবং বাংলাদেশি খাবারের স্টলের মাধ্যমে আন্তর্জাতিক দর্শকদের সামনে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়।
উৎসবজুড়ে বিশ্বের নানা দেশের ঐতিহ্যবাহী নৃত্য-সংগীত পরিবেশনা, রঙিন প্যারেড, হস্তশিল্প প্রদর্শনী এবং বৈচিত্র্যময় খাবারের স্টলে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। এতে উৎসব প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
বিএএসি’র শৈল্পিক নির্দেশনায় ঐতিহ্যবাহী পোশাক, রঙ ও ছন্দের সমন্বয়ে উপস্থাপিত শোভাযাত্রা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। পাশাপাশি ক্যানবেরায় বসবাসরত বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় লোকজ সংগীত, আধুনিক সুর, নৃত্য ও দেশাত্মবোধক উপস্থাপনায় দর্শকরা মুগ্ধ হন।
বিএএসি জানিয়েছে, এ আয়োজন বহুসাংস্কৃতিক সমাজে বাংলাদেশের পরিচয় মর্যাদার সঙ্গে তুলে ধরার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণ ও প্রজন্মান্তরে তা বহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সফল আয়োজনের জন্য সংগঠনটি শিল্পী, স্বেচ্ছাসেবক ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বিডি প্রতিদিন/হিমেল