মাল্টিকালচারালিজমের দেশ কানাডা। এখানে বিভিন্ন দেশের মানুষের পাশাপাশি প্রায় এক লাখের বেশি প্রবাসী বাঙালি স্থায়ীভাবে বসবাস করছেন। পবিত্র রমজান মাস এলেই বিভিন্ন দেশের মুসলমানদের সঙ্গে বাঙালিদের ধর্মীয় রীতি, ঐতিহ্য ও সহমর্মিতার এক সুন্দর মিলন চোখে পড়ে। এর প্রকাশ ঘটে প্রবাসীদের ইফতার আয়োজনের মধ্য দিয়ে।
প্রবাসে অবস্থান করলেও বাঙালি মুসলমানরা তাদের ধর্মীয় রীতিনীতি ভুলে যাননি। দেশের স্বজনদের দূরে রেখে হলেও প্রবাসের আপনজনদের সঙ্গে একত্রিত হয়ে তারা ইফতার করেন। ছুটির দিনগুলোতে ইফতারের পর মধ্যরাত পর্যন্ত চলে বাঙালি খাবার আর আড্ডা।
রমজান উপলক্ষে গ্রোসারি দোকানগুলোর প্রবেশপথেই সাজানো থাকে ইফতারের নানা উপকরণ। জুস, ছোলা, বেসনসহ বিভিন্ন দেশের নানা খাবার ইফতারির আইটেম হিসেবে বিক্রি হচ্ছে। কর্মব্যস্ত দিন কিংবা ছুটির দিন- সব সময়ই প্রবাসী বাঙালিরা পরিবার-পরিজন নিয়ে ইফতারের সামগ্রী কিনতে আসছেন।
প্রবাসী বাঙালিদের মালিকানাধীন গ্রোসারি দোকানগুলোতে বাংলাদেশি পণ্যে ভরে ওঠে তাক। দেখে মনে হয়, যেন বাংলাদেশেরই কোনো বাজার। রেস্টুরেন্টগুলোতেও রয়েছে ইফতারের নানা আয়োজন। এর মধ্যে বাংলাদেশি স্টাইলে শাহী হালিম, শাহী জিলাপি, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, ছোলা, নানা ধরনের ফল ও শরবতের ব্যবস্থা দেখা যায়।
দৈনন্দিন প্রবাস জীবনের যান্ত্রিকতার মাঝে ইফতার ও তারাবির নামাজ শেষে যখন বাঙালিরা একে অপরের সঙ্গে মিলিত হন, তখন পুরো পরিবেশ বদলে যায়। বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে মসজিদকেন্দ্রিক এই মিলনমেলা উৎসবমুখর হয়ে ওঠে। তখন সত্যিই মনে হয়- কানাডার বুকে যেন একখণ্ড বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ