বিশ্বকাপের রাউন্ড-৩২ এর ম্যাচে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে মিসর। ডালাসে অস্ট্রেলিয়া-মিসর ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারান মোহামেদ সালাহরা।
৯২ বছর পর বিশ্বকাপের নকআউট পর্ব খেলতে এসে ম্যাচের শুরুতেই লিড পেয়েছিল মিসর। তবে দ্বিতীয়ার্ধে আত্মঘাতী এক গোলে সেই লিড হারান সালাহরা। ম্যাচের বাকিটা সময় এবং অতিরিক্ত সময়ে কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে জয় তুলে নিয়ে শেষ-১৬'তে জায়গা করে নিয়েছে মিসর।
ম্যাচের ১৩ মিনিটে মিসরকে লিড এনে দেন ইমান আশুর। ফ্রি-কিক থেকে দারুণ এক পরিকল্পিত আক্রমণ সাজায় মিসর। সরাসরি শট না নিয়ে সালাহ ছোট পাস দেন ইমান আশুরকে। আশুরের প্রথম শটটি প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। তবে ফিরতি বলে হেড থেকে জালে বল জড়ান তিনি। একমাত্র ওই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মিসর।
বিরতির পরপরই গোলের সুযোগ পেয়েছিল মিসর। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ হন ম্যানসিটি তারকা ওমর মারমুশ। উল্টো ৫৫ মিনিটে মোহাম্মদ হানির করা আত্মঘাতী গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। ফ্রি-কিক থেকে উড়ে আসা বলটিকে ক্লিয়ার করতে চেয়েছিলেন হানি। কিন্তু ঠিকঠাক সংযোগে ব্যর্থ হওয়ায় বল জড়ায় নিজেদের জালে।
যোগ করা সময়ে দারুণ এক সেভে অস্ট্রেলিয়ার আশা বাঁচিয়ে রাখেন গোলরক্ষক প্যাট্রিক বিচ। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ গোলের ব্যবধানে।
অতিরিক্ত ৩০ মিনিটে দুদলই তেমন কোনো বড় সুযোগ তৈরি করতে পারেনি। টাইব্রেকারের আগে গোলরক্ষক বদলি করে অস্ট্রেলিয়া। প্যাট্রিক বিচের বদলে মাঠে নামানো হয় ম্যাথু রায়ানকে।
বিডি প্রতিদিন/কেএ